দ্বিতীয় দফার নির্বাচনের পূর্বে , শুধু মাত্র কলকাতাতেই প্রায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় , সুষ্ঠ ভাবে ভোট সম্পন্ন করতেই এই পদক্ষেপ নির্বাচন কমিশনের । তবে সোমবার রাতে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক যাওয়া নিয়ে , ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে । অভিযোগ , তাঁরা নাকি ফিরহাদ হাকিমকে ধমকিয়েওছেন। মেয়র দাবী করেছেন , “নকশাল সময়ে এমন দেখেছিলাম। হুমকি দিয়ে বলা হয়েছে কিছু হলে বুঝে নেওয়া হবে। চেতলায় কোনও দিন অশান্তি হয়নি। আমাকে ধমকাচ্ছে।”
মেয়র ফিরহাদ হাকিম কলকাতার চেতলার বাসিন্দা । তিনি কলকাতা পোর্ট আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন । অভিযোগ সোমবার রাতে সেই ফিরহাদ হাকিমের বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষক যান । সেই সময়ই ফিরহাদ হাকিমকে ধমকানো হয় বলে অভিযোগ। মেয়র জানান , “আমাকে ডেকে বলা হয় এলাকায় যেন কোনও সমস্যা না হয়। এজেন্টদের বসতে বাধা না দেওয়া হয়। না হলে বুঝে নেওয়া হবে। আমি জানাই, চেতলায় কোনও ঝামেলা হয় না। তখনও বলা হয় না হলেই ভালো। নয়তো বুঝে নেওয়া হবে।”
ফিরহাদের দাবী , “এই রকম নকশাল আমলে দেখেছি। সেই সময় বাড়িতে, বাড়িতে তল্লাশি চালানো হত।” তাঁর আরও প্রশ্ন , “আমি কি রিগিং করেছি? কোনওদিন বন্দুক, ছুরি চালিয়েছি? আমাকে এসে চমকাচ্ছে। মানুষ বিষয়টি ভালো ভাবে নেবে না।”







