টানটান উত্তেজনায় চলছে আইপিএল । তবে ইতিমধ্যেই প্লে অফের দৌড় কে বিদায় জানিয়েছে লখনৌ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স । যার জেরে বর্তমানে প্লে অফের লড়াই ৮ দলের মধ্যে । লিগ টেবিলের বর্তমান সমীকরণে প্রতিটি ম্যাচই এখন দলগুলোর কাছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন শেষ চারে ওঠার হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে।
মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে (খবর প্রকাশিত হওয়ার সময় অনুযায়ী ) বেঙ্গালুরু । তারা বেশ ম মজবুত জায়গা করে নিয়েছে । তাদের বাকি ৩ ম্যাচের মধ্যে ১ টিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। তবে ৩ টের মধ্যে ৩ টিতেই জয় পেলে , পয়েন্ট টেবিলের শীর্ষেই প্লে অফের দৌড় শেষ করার সম্ভাবনা রয়েছে আরসিবির। উল্লেখ্য , বাকি দলগুলির তুলনায় তাদের নেট রান রেটও যথেষ্ট ভালো রয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদও প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বেঙ্গালুরুর মতো তাদেরও শেষ চারে জায়গা পাকা করতে দরকার আর মাত্র একটি জয়। তবে শীর্ষ দুইয়ে জায়গা ধরে রাখতে গেলে রানরেটের দিকেও বাড়তি গুরুত্ব দিতে হবে।
রানরেটের নিরিখে কিছুটা পিছিয়ে থাকায় চাপ বাড়ছে শুভমন গিলের গুজরাত টাইটান্সের উপর। প্লে-অফে জায়গা পাকা করতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দু’টিতে জিততেই হবে তাদের। উল্লেখ্য , ১ টি ম্যাচ জিতলেও , গুজরাটের পয়েন্টস ১৬ হয়ে যাবে , কিন্তু তাদের রান রেট কম থাকায় , ১৬ পয়েন্টেও চাপ থাকবে । বিশেষ করে হায়দরাবাদ ও চেন্নাইয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচ দু’টি এখন গুজরাতের কাছে বড় পরীক্ষার মতো।
হাতে তুলনামূলক বেশি ম্যাচ থাকায় শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস এখন অনেকটাই স্বস্তির জায়গায় রয়েছে। বাকি ৪ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতলেই তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। উপরন্তু, ইতিমধ্যেই ছিটকে যাওয়া দলগুলোর বিরুদ্ধে ম্যাচ থাকায় কিছুটা বাড়তি সুবিধাও পাবে পাঞ্জাব।
অন্যদিকে, রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের সামনে কঠিন সমীকরণ। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৩ ম্যাচের মধ্যে অন্তত ২টিতে জিততেই হবে তাদের। শীর্ষ দুইয়ে শেষ করার সম্ভাবনা এখনও থাকলেও, এখন অনেকটাই নির্ভর করছে অন্য দলগুলোর ফলাফলের উপর। তাই চেন্নাইয়ের কাছে বাকি প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজস্থান রয়্যালসের কাছেও এবারের আইপিএল ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও বাকি ৩ ম্যাচের মধ্যে ২টিতে জিতলেও তাদের প্লে-অফে ওঠা অনিশ্চিত থেকে যেতে পারে। তাই বৈভব সূর্যবংশী ও রিয়ান পরাগদের সামনে এখন একটাই লক্ষ্য—শেষ তিনটি ম্যাচেই জয় তুলে নেওয়া।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের সমীকরণ একেবারে স্পষ্ট। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৩টি ম্যাচেই জিততে হবে কেকেআরকে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৭, যা নাইটদের জন্য বড় সুবিধা হতে পারে। তবে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টসের কাছে চলতি মরসুম কার্যত শেষের পথে।







