রাজনীতি

এখনও বিরোধী দলনেতার চেয়ারে শুভেন্দু ! তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারের কি হবে ?

নতুন সরকারের জমানায় বিধানসভায় একটি চেয়ারকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী দলের ঘরে রাখা সেই চেয়ারটি সেখানে বেশ বেমানান বলেই মনে করা হচ্ছে। পরে জানা যায়, যে চেয়ার নিয়ে বিতর্ক , সেটি একসময় ব্যবহার করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার ব্যবহৃত চেয়ারে বসতে রাজি নন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় তিনি সঙ্গে করে নিয়ে আসেন বিরোধী দলনেতা থাকাকালীন নিজের ব্যবহৃত পরিচিত চেয়ারটি। এখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে জায়গা পেয়েছে শুভেন্দুর সেই পুরনো আসনই।

সাধারণভাবে মুখ্যমন্ত্রীর কক্ষে একটি নির্দিষ্ট চেয়ারই দীর্ঘদিন ধরে ব্যবহারের রীতি চলে আসছে। তবে সেই প্রচলিত প্রথা থেকে সরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেছে নিয়েছেন তাঁর আন্দোলনের দিনগুলোর স্মৃতি বহন করা পুরনো চেয়ারটিকেই। অপরদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ারটি এখন স্থান পেয়েছে বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে।

এই মুহূর্তে বিরোধী দলনেতার পদে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত সেই চেয়ারে তিনি আদৌ বসবেন কি না, তা নিয়েই বিধানসভায় জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, ওই আসন ব্যবহারের বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শোভনদেব চট্টোপাধ্যায়। প্রয়োজন হলে মমতার ব্যবহৃত চেয়ারটিকে সম্মানের সঙ্গে আলাদা করে রেখে তাঁর জন্য নতুন একটি চেয়ার আনার ভাবনাও রয়েছে।

বিধানসভায় এই চেয়ার পরিবর্তনকে শুধুমাত্র আসবাবের রদবদল হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রীর কক্ষে নিজের পুরনো চেয়ার নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তাঁর রাজনৈতিক লড়াইয়ের ধারাবাহিকতা বজায় রাখার এক প্রতীকী ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.