রাজ্যে ধর্মীয় কারণে পশুবলি ও গবাদি পশু হত্যা নিয়ে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গের নতুন সরকার। বুধবার স্বরাষ্ট্র দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম না মেনে পশুবলি দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, গরু, বলদ, বাছুর, মহিষ-সহ নির্দিষ্ট গবাদি পশু বলি দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে শংসাপত্র নিতে হবে। এই শংসাপত্র যৌথভাবে দেবেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশুচিকিৎসক।
নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, পশুটির বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। অথবা বার্ধক্য, গুরুতর আঘাত কিংবা দুরারোগ্য রোগের কারণে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে তবেই বলির অনুমতি মিলবে।
শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে, রাস্তার ধারে বা খোলা জায়গায় পশুবলি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
যদি কোনও ব্যক্তি শংসাপত্র না পান, তবে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সরকারি আধিকারিক বা পশুচিকিৎসক পরিদর্শনে গেলে তাঁদের কাজে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনিক সূত্রের দাবি, জনসমক্ষে গণ-পশুবলি নিয়ন্ত্রণে পূর্ববর্তী আদালতের নির্দেশ কার্যকর করতেই এই পদক্ষেপ। জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা এবং পশুর প্রতি নিষ্ঠুরতা কমানোও সরকারের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।
নির্দেশিকা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের জেল, ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের মুখে পড়তে হতে পারে বলে স্পষ্ট করেছে রাজ্য সরকার।
নতুন এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।







