২০২৬-২৭ মরসুমের ঘরোয়া ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল Board of Control for Cricket in India। আগামী মরসুমে পুরুষ, মহিলা এবং বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৭৮৮টি ম্যাচ আয়োজন করা হবে। সিনিয়র ক্রিকেটের পাশাপাশি অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ পুরুষ বিভাগ এবং অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ মহিলা বিভাগও সূচির অন্তর্ভুক্ত হয়েছে।
২৩ অগস্ট থেকে দলীপ ট্রফির মাধ্যমে শুরু হবে নতুন ঘরোয়া মরসুম। ছ’টি আঞ্চলিক দল নিয়ে আয়োজিত হবে এই লাল বলের প্রতিযোগিতা। এরপর ১ অক্টোবর শুরু হবে ইরানি কাপ। রঞ্জি ট্রফি ও কর্নেল সিকে নাইডু ট্রফি দু’টি ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটারদের ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পরিকল্পনা বোর্ডের। রঞ্জি ট্রফির এলিট বিভাগে মোট ৩২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পাশাপাশি প্লেট গ্রুপে থাকবে ছ’টি দল।
আগামী মরসুমে ফের চালু করা হচ্ছে সিকে নাইডু ট্রফি জয়ী দল বনাম রেস্ট অফ ইন্ডিয়া ম্যাচ। ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের আরও বেশি ম্যাচের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
এবার সূচিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনা হয়েছে। এতদিন পর্যন্ত পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ প্রতিযোগিতা এবং বিজয় হজারে ট্রফিতে ৫০ ওভারের ম্যাচ হত। আগামী মরসুম থেকে সেই দু’টি প্রতিযোগিতাই টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে। পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিও টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে। অর্থাৎ, সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আরও বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।
এছাড়া কুচবিহার ট্রফির এলিট বিভাগের নকআউট ম্যাচগুলি বেঙ্গালুরু ও মাইসুরুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারিতে ওই অঞ্চলের অনুকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। অন্যদিকে, বিজয় মার্চেন্ট অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আয়োজন করা হবে, যাতে তরুণ ক্রিকেটারেরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।







