খেলাধুলা

মহিলা হোক বা পুরুষ , দুই বিভাগেই ভারতসেরা ইস্টবেঙ্গল, এবার এশিয়ার মঞ্চে দেশের মুখ লাল-হলুদ

ভারতের প্রতিনিধিত্বের দায়িত্ব এবার ইস্টবেঙ্গলের কাঁধে। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই দেশের পতাকা বহন করবে লাল-হলুদ শিবির। মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতসেরার দুই খেতাব জিতে ইতিহাস গড়েছে ক্লাবটি। প্রথমে জাতীয় সেরা হয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল, তারপর দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের সেরা হয়েছে পুরুষ দলও। ফলে এশিয়ার মঞ্চে এবার ভারতের প্রতিনিধি হিসেবে দেখা যাবে ইস্টবেঙ্গলের দুই দলকেই।

আইএসএল জয়ী হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে অংশ নেবে ইস্টবেঙ্গলের পুরুষ দল। গত মরশুমেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার প্রতিযোগিতায় খেলেছিল লাল-হলুদ ব্রিগেড। এফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। তবে প্রতিকূল বিদেশি পরিবেশে তুর্কমেনিস্তানের শক্তিশালী ক্লাব আর্কাদাগ এফসির কাছে হার মানতে হয়। এবার এসিএল-২-এর মূলপর্বে উঠতে কোয়ালিফায়ার পেরোতে হবে দলকে, কারণ এবারের আইএসএলের সময়সীমা ছিল তুলনামূলক কম। বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করে ভারতীয় ফুটবলের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরার দায়িত্ব এখন মশাল বাহিনীর।

অন্যদিকে, ইস্টবেঙ্গলের মহিলা দলও ধারাবাহিকভাবে সর্বভারতীয় ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। গতবারের মতো এবারও ইন্ডিয়ান ওমেন্স লিগের ট্রফি উঠেছে লাল-হলুদের হাতেই। সুলাঞ্জনা রাউলদের দল আবারও দেশের সেরা হয়ে এশিয়ার আসরে ভারতের প্রতিনিধিত্ব করবে। আগের মরশুমে কোয়ালিফায়ার পেরিয়ে মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছিল সঙ্গীতা বাসফোররা। শেষ আটে পৌঁছনোর সম্ভাবনাও জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ন দলের কাছে হার মেনে বিদায় নিতে হয় ফাজিলাদের।

একই মরশুমে দেশের শীর্ষ লিগে কোনও ক্লাবের পুরুষ ও মহিলা দল একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার নজির ভারতীয় ফুটবলে আগে কখনও ছিল না। সেই ঐতিহাসিক কীর্তিই এবার গড়ে ফেলেছে ইস্টবেঙ্গল। ২২ বছরের অপেক্ষার অবসানও হল এক অনন্য ইতিহাস তৈরি করেই। দেশের মঞ্চে সাফল্যের পর এবার এশিয়ার লড়াইয়ে তেরঙ্গার প্রতিনিধিত্ব করতে নামবে লাল-হলুদের দুই দল, দেশের সম্মান আরও উজ্জ্বল করার লক্ষ্য নিয়েই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.