কলকাতারাজনীতি

দেবরাজ ঘনিষ্ঠ কাউন্সিলরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, চাপ-আতঙ্কেই কি চরম সিদ্ধান্ত?

উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভায় শোরগোল ফেলেছে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই সঞ্জয় দাসের বাড়ির সামনে একটি বিতর্কিত নোটিস সাঁটানো হয়েছিল। সেখানে অভিযোগ করা হয়, জমি দখল এবং জোর করে টাকা আদায়ের সঙ্গে তাঁর নাম জড়িত। ওই নোটিস প্রকাশ্যে আসার পর থেকেই মানসিক চাপে ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর বলে দাবি এলাকার বাসিন্দাদের একাংশের।

সঞ্জয় দাস শুধু কাউন্সিলরই ছিলেন না, পুরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বেও ছিলেন তিনি। পাশাপাশি বারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তাঁর গ্রেপ্তারির পর থেকেই তাঁর ঘনিষ্ঠ মহলের কয়েকজন নেতার বিরুদ্ধেও পুলিশি অভিযান শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সঞ্জয় দাসের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান তিনি।

এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক চাপ, বিতর্কিত অভিযোগ এবং সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কাই কি সঞ্জয় দাসকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই উত্তর অধরাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.