প্রশাসনিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে নবান্নে এই ব্যবস্থা চালু হবে। এরপর ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দফতরে ধাপে ধাপে নিয়মটি কার্যকর করা হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটের পর অফিসে প্রবেশ করলে তা ‘লেট’ হিসেবে ধরা হবে এবং সকাল ১১টার পর উপস্থিত হলে ওই দিন অনুপস্থিত বলে গণ্য করা হবে। একইভাবে বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে নথিভুক্ত হবে। একই দিনে দেরিতে আসা ও আগে বেরিয়ে গেলে এক দিনের ক্যাজুয়াল লিভ কাটা যেতে পারে। এছাড়া মাসে তিনবার দেরি বা আগাম প্রস্থানের ক্ষেত্রেও এক দিনের ছুটি কর্তনের বিধান রাখা হয়েছে।
অফিস ছাড়ার সময় ‘আউট পাঞ্চ’ না করলে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত বলে ধরা হবে। তবে দাপ্তরিক কাজ বা বিশেষ প্রয়োজন থাকলে বিভাগের প্রধানের অনুমতি নেওয়ার সুযোগ থাকবে।
সরকারের দাবি, এই পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ও কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে। যদিও কর্মীদের একাংশের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।







