গত দু’দিন ধরেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। বুধবার কালীঘাটে বৈঠকের পর বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছিলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই বিষয়ে দলনেত্রীরও সম্মতি রয়েছে। শুক্রবার সেই জল্পনাই বাস্তবে পরিণত হল। মেয়াদ শেষ হওয়ার প্রায় সাত মাস আগে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম।
ইস্তফার কারণ জানতে চাওয়ার আগেই সাংবাদিকদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ফিরহাদের কথায়, “আমি ইস্তফা দিচ্ছি কারণ এই পদটির একটি বিশেষ মর্যাদা রয়েছে। অতীতে বহু সম্মানিত ব্যক্তি এই চেয়ারে বসেছেন। মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সময় আমি দৃঢ়তার সঙ্গে কাজ করেছি। একই সঙ্গে পৌরমন্ত্রী ও মেয়রের দায়িত্ব সামলেছি। মানুষের সমস্যা শুনে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন সেইভাবে কাজ করা আর সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “এই পদটির মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেই কারণেই আমি সরে দাঁড়াচ্ছি। শুধুমাত্র চেয়ার আঁকড়ে বসে থাকার কোনও মানে নেই। ক্ষমতা বা কার্যকরী ভূমিকা ছাড়া এই পদে থেকে গেলে পূর্বসূরিদের প্রতিও অসম্মান দেখানো হবে।”
এর আগে কুণাল ঘোষও দাবি করেছিলেন যে ফিরহাদ হাকিম দলনেত্রীর কাছে পদত্যাগের আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতিতে মেয়রের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না এবং প্রশাসনিক বৈঠকেও তিনি সেই অসুবিধার কথা তুলে ধরেছেন।
তবে গত দু’দিনে কিছু ঘটনা এই জল্পনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি করেছিল। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফিরহাদের বৈঠক, শুক্রবার সকালে পুর কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং তাঁর বাড়িতে স্মিতার যাওয়া— এসবই নতুন করে নানা প্রশ্ন তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
২০১৮ সালের ৩ ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়ের পর কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। প্রায় সাড়ে সাত বছর এই পদে থাকার পর শুক্রবার তিনি কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। মেয়র হওয়ার পর উপনির্বাচনে এবং পরে ২০২১ সালের নির্বাচনে ৮২ নম্বর ওয়ার্ড থেকেই জয়ী হয়েছিলেন তিনি।







