নয়াদিল্লি: সংসারের কাজের কোনও নির্দিষ্ট বেতন নেই। দিনের পর দিন পরিবারের জন্য নিরলস পরিশ্রম করলেও গৃহবধূদের সেই শ্রম অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক মূল্যায়নের বাইরে থেকে যায়। তবে এবার সেই ধারণায় বড় পরিবর্তনের বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। এক গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, গৃহবধূদের গৃহস্থালি শ্রমের নির্দিষ্ট অর্থনৈতিক মূল্য রয়েছে এবং তা মাসিক অন্তত ৩০ হাজার টাকা হিসেবে বিবেচনা করা উচিত।
পাঞ্জাবের একটি পুরনো মোটর দুর্ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেছে বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ। ২০০১ সালে এক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়। ক্ষতিপূরণের দাবিতে তাঁর পরিবার প্রথমে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইবুনালের দ্বারস্থ হলে ২ লক্ষ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করা হয়। পরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই অঙ্ক বাড়িয়ে ৮ লক্ষ ৪০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলার সমস্ত দিক খতিয়ে দেখে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৬২ লক্ষ ৭৮ হাজার টাকা করার নির্দেশ দেয়।
রায়ে আদালত স্পষ্ট জানায়, কোনও গৃহবধূর মৃত্যু শুধুমাত্র পরিবারের মানসিক ক্ষতি নয়, তাঁর দৈনন্দিন গৃহস্থালি কাজ, সন্তান প্রতিপালন ও পরিবারের দেখভালের মতো গুরুত্বপূর্ণ পরিষেবারও অপূরণীয় ক্ষতি। বিচারপতি করোল মন্তব্য করেন, ‘গৃহবধূ’ শব্দটি তাঁদের অবদানের যথার্থ মূল্যায়ন করে না; বরং তাঁরা দেশের প্রকৃত নির্মাতা।
বৈবাহিক সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, বিয়ে কোনওভাবেই পরিচারিকা নিয়োগের সমার্থক নয়। সংসারের দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়েরই। পাশাপাশি কোনও মহিলার ব্যক্তিগত স্বপ্ন, কর্মজীবন বা উচ্চাকাঙ্ক্ষাকে দমিয়ে দেওয়ার অধিকার কারও নেই বলেও স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে গৃহবধূদের শ্রমের অর্থনৈতিক মূল্যায়ন এবং তাঁদের অধিকার সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।







