মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌতিক সংস্থা বিএমকেজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। যদিও এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে পরবর্তী কম্পন বা আফটারশকের সম্ভাবনার কথা জানিয়েছে প্রশাসন। পাশাপাশি সুনামির কোনও সতর্কতাও জারি করা হয়নি।
কম্পনের কেন্দ্র কোথায় ছিল?
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হওয়ায় ভূমিকম্পের প্রভাব বেশ তীব্রভাবে অনুভূত হয়। কম্পন শুরু হতেই আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। যদিও এখনও পর্যন্ত প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়া
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্গত হওয়ায় ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০২২ সালে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় ২৫০-রও বেশি মানুষের মৃত্যু হয়, যাঁদের মধ্যে অনেক শিশুও ছিল।







