চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নজির গড়লেন আমেরিকার চিকিৎসকেরা। প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত এক দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হল এইচআইভি আক্রান্ত এক গ্রহীতার শরীরে। নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেল্থের চিকিৎসকদের এই সাফল্য ভবিষ্যতে এইচআইভি আক্রান্ত রোগীদের জন্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।
এতদিন পর্যন্ত এইচআইভি আক্রান্ত রোগীদের শরীরে হার্ট, কিডনি বা ফুসফুস প্রতিস্থাপন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হত। কারণ, এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। অন্যদিকে, অঙ্গ প্রতিস্থাপনের পর শরীর যাতে নতুন অঙ্গকে প্রত্যাখ্যান না করে, তার জন্য রোগীকে ইমিউনোসাপ্রেস্যান্ট ওষুধ খেতে হয়। ফলে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায় এবং রোগীর জীবনসংশয় দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, এইচআইভি-১ ভাইরাস শরীরের রোগ প্রতিরোধী কোষগুলিকে ধ্বংস করে ধীরে ধীরে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। সেই কারণে এইচআইভি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অঙ্গ প্রতিস্থাপন দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল।
এই সমস্যার সমাধানে চিকিৎসকেরা ব্যবহার করেছেন অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (ART)। এই চিকিৎসার মাধ্যমে ভাইরাসের বংশবিস্তার কার্যত নিয়ন্ত্রণে রাখা যায়, ফলে শরীরে ভাইরাসের মাত্রা কম থাকে এবং রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। সেই কারণেই এইচআইভি আক্রান্ত দাতার ফুসফুস একই ধরনের আক্রান্ত গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞদের দাবি, এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল দাতার শরীর থেকে অতিরিক্ত সংক্রমণ বা রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। ফলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এবং জীবনকাল দুটোই বাড়তে পারে।
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-র অনুমোদনপ্রাপ্ত এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এইচআইভি আক্রান্ত বহু রোগীর জন্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং দীর্ঘদিনের এক বড় সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে।







