মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাঁকুড়া সফরে গেলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুল দিবস উপলক্ষে রাজ্য সরকারের জনজাতি উন্নয়ন বিভাগের উদ্যোগে বাঁকুড়ার মুকুটমণিপুরে আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে সিধু, কানু, চাঁদ, ভগবান বিরসা মুন্ডা-সহ সাঁওতাল বিদ্রোহের সমস্ত শহিদকে শ্রদ্ধা জানিয়ে ‘গড় জোহাড়’ নিবেদন করেন মুখ্যমন্ত্রী। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি আদিবাসী সমাজের বিশিষ্ট লোকশিল্পী, শিক্ষক, চিকিৎসক-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সংবর্ধিত করা হয়।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ভারতের স্বাধীনতার ইতিহাসে হুল বিদ্রোহের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনজাতি সমাজের যে সংগ্রাম শুরু হয়েছিল, সেটিই পরবর্তী স্বাধীনতা আন্দোলনের ভিত গড়ে দেয়। জল, জমি ও জঙ্গলের অধিকার রক্ষার সেই লড়াই আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।
জনজাতি সমাজের উন্নয়নে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রবর্তিত অলচিকি লিপিতে লেখা সাঁওতালি ভাষাকে দীর্ঘদিন যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগেই সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত হয়ে সাংবিধানিক স্বীকৃতি পায়। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, অটলবিহারী বাজপেয়ীর আমলেই দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল।
বর্তমান সময়ে জনজাতি সমাজের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি পদে জনজাতি সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ছত্তীসগড়ে বিষ্ণু দেব সাই এবং ওড়িশায় মোহনচরণ মাঝির মতো জনজাতি নেতাদের মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাতেও খুদিরাম টুডু, জুয়েল মুর্মু ও বিশাল লামার মতো জনজাতি প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তৃতার শেষে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে জনজাতি সমাজকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খুদিরাম টুডু, দিবাকর ঘরামি, সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাত-সহ বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।







