বিদেশ

পাপুয়ায় বিদ্রোহীদের হামলা, গুলি করে খুন মার্কিন পাইলট; জ্বালিয়ে দেওয়া হল বিমান

ইন্দোনেশিয়ার অশান্ত পাপুয়া দ্বীপে ফের রক্তক্ষয়ী হামলা চালাল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। তাঁদের নিশানায় ছিল একটি মার্কিন বিমান। বিমানটিতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন পাইলটকে। শুক্রবার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এই ঘটনার কথা নিশ্চিত করেছে। সেনার পক্ষ থেকে নিহত পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে। তবে বিমানে থাকা অন্য যাত্রীদের এখনও খুঁজে পাওয়া যায়নি।

এই হামলার দায় স্বীকার করেছে পাপুয়ার সশস্ত্র সংগঠন ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। সংগঠনের মুখপাত্র সেবি সামবম জানিয়েছেন, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় বিমানটি অবতরণ করার পরই তাদের সদস্যরা হামলা চালায়। বিমানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করা হয়। তাঁদের দাবি, এই হামলার মাধ্যমে আমেরিকা ও ইন্দোনেশিয়া সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাপুয়াকে ইন্দোনেশিয়ার হাত থেকে স্বাধীন করার দাবিতে দীর্ঘদিন ধরেই সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিদ্রোহীরা। সম্প্রতি সেই সংঘর্ষ আরও তীব্র হয়েছে। সেবি সামবমের দাবি, আক্রান্ত বিমানটি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর জন্য সরঞ্জাম ও সদস্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল এবং টিপিএনপিবি-র জারি করা সতর্কবার্তাও অমান্য করছিল। তাঁদের হুঁশিয়ারি, পাপুয়ার ‘রেড জোন’-এ অসামরিক বিমান চলাচল বন্ধ না হলে ভবিষ্যতেও এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাপুয়ায় নিযুক্ত সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুনা। তিনি জানিয়েছেন, নিহত মার্কিন পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানে মোট সাতজন যাত্রী ছিলেন, যাঁরা সকলেই পাপুয়ার বাসিন্দা। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে হামলাকারীদের খুঁজতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস এখনও এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জানা গিয়েছে, আক্রান্ত বিমানটি পিটি এএমএ এয়ারলাইন্সের, যারা পাপুয়ার দুর্গম গ্রামগুলিতে খাদ্য, জ্বালানি ও ডাক পৌঁছে দেওয়ার কাজ করে।

প্রসঙ্গত, পাপুয়ায় এই ধরনের হামলার নজির আগেও রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহীরা নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মের্টেনসকে অপহরণ করেছিল। উদুগা এলাকার একটি ছোট বাণিজ্যিক বিমান অবতরণের পর তাঁকে জিম্মি করা হয়। প্রায় দেড় বছর বন্দি থাকার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি মুক্তি পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.