বারুইপুরের যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেই একই পুকুর থেকে ফের মিলল এক ব্যক্তির মৃতদেহ। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই উদ্ধার ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার সঙ্গে ওই ব্যক্তির মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। নাবালিকার দেহ উদ্ধারের পর পুকুরে তল্লাশি চালানোর সময় পুলিশ আরও একটি দেহ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা সেটি কৃষ্ণকান্তের বলে শনাক্ত করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্ট নয়। একইসঙ্গে নাবালিকার মৃত্যুর ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কৃষ্ণকান্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁর ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার সকালে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরের ধপধপি এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান এবং রেল অবরোধও করেন। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে দ্রুত বিচারের আশ্বাস দেন। তাঁর নির্দেশে বিকেলের মধ্যেই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তের নেতৃত্বে তদন্ত শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দ সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, তিনিই এই ঘটনার মূল অভিযুক্ত। তাঁকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই অপরাধে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। এদিকে, নাবালিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, যৌন নির্যাতনের পর ভারী কোনও বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছিল।







