বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন ‘অউইক্লি’ এবার ভারতের বাজারে। টাইপ–১ এবং টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই নতুন ইনসুলিন প্রতিদিন ইনজেকশন নেওয়ার ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে। সপ্তাহে মাত্র একবার ইনজেকশন নিলেই সারা সপ্তাহ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই ওষুধ।
ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভো নরডিস্ক তৈরি করেছে এই ইনসুলিন। এটি ‘ফ্লেক্সটাচ’ পেনের মাধ্যমে ব্যবহার করতে হবে। সংস্থার দাবি, একটি সাপ্তাহিক ডোজ শরীরে ধারাবাহিকভাবে ইনসুলিনের সরবরাহ বজায় রাখে, ফলে রক্তে গ্লুকোজের ওঠানামা নিয়ন্ত্রণ করা সহজ হয়।
আন্তর্জাতিক ক্লিনিক্যাল গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন ব্যবহৃত ইনসুলিনের তুলনায় ‘অউইক্লি’ রক্তের এইচবিএ১সি (HbA1c) মাত্রা কমাতে বেশি কার্যকর। পাশাপাশি, টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত বহু রোগী হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি ছাড়াই লক্ষ্যমাত্রার নিচে রক্তে শর্করার মাত্রা নামিয়ে আনতে সক্ষম হয়েছেন।
দিল্লিতে পণ্যটি উদ্বোধনের সময় নোভো নরডিস্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয় জানান, ৭০ ইউনিটের সাপ্তাহিক ডোজের আনুমানিক খরচ হবে ২৬১ টাকা। বাজারে এটি দুটি প্রি-ফিল্ড পেনে পাওয়া যাবে—১ মিলিলিটার (৭০০ ইউনিট) পেনের দাম ২,৬১১ টাকা এবং ৩ মিলিলিটার (২,১০০ ইউনিট) পেনের দাম ৭,৮৩৩ টাকা।
সংস্থার দাবি, সপ্তাহে একবার ইনসুলিন নেওয়ার সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদে রোগীদের চিকিৎসার খরচও কিছুটা কমতে পারে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনও রোগীর বর্তমান ইনসুলিন পরিবর্তন করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই এই নতুন ইনসুলিন ব্যবহার করতে হবে।







