জেলা

বীরভূমে পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি, ট্রাঙ্কভর্তি সোনা-নগদ উদ্ধার; কোটি টাকার সম্পত্তি ঘিরে চাঞ্চল্য

এক সময় বাংলার বিভিন্ন প্রান্তে পাটক্ষেত কিংবা খাটের তলা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। এবার বীরভূমের মহম্মদবাজারে এক পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে ট্রাঙ্কভর্তি সোনা ও বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দুপুর ১টা পর্যন্ত ১০ কোটিরও বেশি মূল্যের সোনা এবং ৫ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত থেকে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। বুধবার সকাল পেরিয়েও সেই অভিযান চলতে থাকে। ঘটনাস্থলে আনা হয় অন্তত পাঁচটি টাকা গোনার মেশিন, পাশাপাশি পাঁচটি বড় ট্রাঙ্ক ও প্রিন্টারেরও ব্যবস্থা করা হয়। আধিকারিকরা দীর্ঘ সময় ধরে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নগদের পরিমাণ আরও বাড়তে পারে।

স্থানীয়দের দাবি, মিনার মণ্ডলও বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। মঙ্গলবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী তাঁর বাড়ি ঘিরে ফেলে এবং তারপর শুরু হয় তল্লাশি। সেই সময়ই বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। এই বিপুল সম্পদের উৎস সম্পর্কে মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

মিনার মণ্ডল কে?

জানা গিয়েছে, একসময় মিনার মণ্ডল সরকারি বাসের চালক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীকালে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার পর তিনি সেই পেশা ছেড়ে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন।

বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন একাধিক উচ্চপদস্থ আধিকারিকও। যদিও এই অভিযানের নির্দিষ্ট কারণ বা এর সঙ্গে অন্য কোনও বেআইনি কার্যকলাপের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা এতদিন কীভাবে নজরের বাইরে ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে সরকার পরিবর্তনের পরেই এই তল্লাশি কেন, কিংবা কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়া ছিল কি না—এসব নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও এই দাবিগুলির কোনও সরকারি বা তদন্তকারী সংস্থার নিশ্চিত বক্তব্য এখনও সামনে আসেনি।

এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.