উত্তরবঙ্গ মানেই পাহাড়, মেঘ আর বিস্তীর্ণ চা-বাগান। সেই চা-কে এবার শুধুমাত্র একটি পানীয় হিসেবে নয়, বরং উত্তরবঙ্গের অন্যতম পরিচয় হিসেবে তুলে ধরতে বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পর্যটনের পাশাপাশি চা শিল্প ও চা শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই তৈরি হচ্ছে বিশেষ ব্র্যান্ডিং কৌশল।
রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, বিশ্বের বিভিন্ন দেশে যেমন স্থানীয় পণ্যের আলাদা পরিচিতি গড়ে তোলা হয়েছে, তেমনভাবেই উত্তরবঙ্গের বিভিন্ন চা-বলয়ের নিজস্ব বৈশিষ্ট্যকে সামনে এনে আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের উদ্যোগ নেওয়া হবে। তাঁর মতে, কলকাতার পরিচয় যেমন গঙ্গা, হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সুন্দরবনের পরিচয় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই দার্জিলিং ও ডুয়ার্সের পরিচয় হয়ে উঠতে পারে চা এবং টি-ট্যুরিজম।
সরকারের পরিকল্পনায় শুধু দার্জিলিং চা নয়, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের চা-কে আলাদা ব্র্যান্ড হিসেবে তুলে ধরার ওপর জোর দেওয়া হচ্ছে। পর্যটকদের চা-বাগান ঘুরে দেখার অভিজ্ঞতা, স্থানীয় সংস্কৃতি এবং চা উৎপাদনের ঐতিহ্যকে একসঙ্গে যুক্ত করে নতুন পর্যটন মডেল গড়ে তোলার ভাবনা রয়েছে।
শঙ্কর ঘোষের দাবি, অতীতে চা শিল্পের নানা সমস্যা নিয়ে আলোচনা হলেও বাস্তব উন্নয়ন তেমন হয়নি। বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলাতে চায়। চা-বাগানের জমি, শ্রমিকদের জীবনযাত্রা এবং শিল্পের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রের সহযোগিতায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।
পর্যটন দফতরের আশা, এই উদ্যোগ সফল হলে উত্তরবঙ্গের চা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও নতুন পরিচিতি পাবে। একই সঙ্গে চা শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনাও তৈরি হবে। উত্তরবঙ্গের পর্যটনের মানচিত্রে পাহাড় ও জঙ্গলের পাশাপাশি ‘চা’ও হয়ে উঠবে অন্যতম আকর্ষণ— এমনটাই লক্ষ্য সরকারের।






