আগামী বছর শুরু হতে চলেছে আইসিসি একদিনের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে এই মেগা টুর্নামেন্ট। দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসবে ক্রিকেটের বিশ্ব আসর। এবার বিশ্বকাপের জন্য নির্বাচিত ১২টি ভেন্যুর তালিকাও প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবোয়ের ৩টি এবং নামিবিয়ার ১টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হবে।
২০২৭ সালের ৪ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠবে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪১টি হবে দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবোয়ে পাবে ৮ থেকে ১০টি ম্যাচ আয়োজনের দায়িত্ব, আর নামিবিয়ায় অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। এবারের বিশ্বকাপের মূল ভাবনা রাখা হয়েছে ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’। পাশাপাশি আফ্রিকার ঐতিহ্যবাহী দর্শন ‘উবুন্তু’-কে তুলে ধরা হবে, যার মূল বার্তা—‘আমরা একে অপরের জন্যই আছি।’ মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্কের গুরুত্বকেই এই দর্শন বিশ্বের সামনে তুলে ধরবে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লোমফন্টেন, পার্লের বোল্যান্ড পার্ক এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্যভাবে, ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে ভারত জোহানেসবার্গের ওয়ান্ডারার্সেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। এছাড়া জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ও ফালে মোসি-ও-তুনিয়া স্টেডিয়াম এবং নামিবিয়ার উইন্ডহোকের মাঠেও ম্যাচ আয়োজন করা হবে। তবে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।
আইসিসির সভাপতি জয় শাহ জানিয়েছেন, স্টেডিয়ামের তালিকা প্রকাশের মাধ্যমে বিশ্বের অন্যতম বড় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হল। তাঁর আশা, তিন দেশের যৌথ আয়োজনে ২০২৭ সালের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে।
এবারের বিশ্বকাপে ফিরছে ২০০৩ সালের পরিচিত ফরম্যাট। ১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ৭টি করে দল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে ‘সুপার সিক্স’ পর্বে। সেখানে পয়েন্ট তালিকার সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। সবশেষে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন।







