রবিবার সকাল থেকেই যাত্রীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো। যদিও এই অতিরিক্ত পরিষেবা শুধুমাত্র এক দিনের জন্য। কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষা–২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ২ অগস্ট ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষের জানানো অনুযায়ী, রবিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত এই বিশেষ পরিষেবা মিলবে। ওই সময় ব্লু লাইন ও গ্রিন লাইনে প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। সকাল ৯টার পর থেকে রবিবারের নির্ধারিত সময়সূচি অনুসারেই পরিষেবা পরিচালিত হবে।
ব্লু লাইনে সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম ট্রেনগুলি ছাড়বে। এছাড়াও সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে একটি বিশেষ ট্রেন রওনা দেবে। উল্লেখ্য, সাধারণত রবিবার এই রুটে পরিষেবা সকাল ৯টার পর শুরু হয়।
অন্যদিকে, গ্রিন লাইনে সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ২ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্লু ও গ্রিন লাইনে শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন নির্ধারিত সকাল ১০টা ৩৬ মিনিটের বদলে দুপুর ১২টা ৪২ মিনিটে চলবে। এছাড়া রবিবার অরেঞ্জ ও পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।







