বলিউডে অভিনয়ের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও যে তিনি সমান দক্ষ, তা ফের প্রমাণ করলেন অভিনেতা ঋত্বিক রোশন। সম্প্রতি মুম্বইয়ের একটি বাণিজ্যিক সম্পত্তি দীর্ঘমেয়াদে ভাড়া দিয়ে মোটা অঙ্কের মাসিক আয় নিশ্চিত করেছেন তিনি।
জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের নিউ লিঙ্ক রোডে অবস্থিত ‘লোটাস নীলকমল বিজনেস পার্ক’-এ হৃত্বিকের প্রায় ৬,০০০ বর্গফুটের একটি কমার্শিয়াল স্পেস রয়েছে। সেখানে মোট সাতটি অফিস ইউনিট এবং সাতটি পার্কিং স্পেস রয়েছে। পুরো সম্পত্তিটিই পাঁচ বছরের জন্য একটি বেসরকারি সংস্থার কাছে লিজ দেওয়া হয়েছে।
নথি অনুযায়ী, ‘ক্লিয়ারসিন্থ ল্যাবস লিমিটেড’ নামে একটি সংস্থার সঙ্গে এই চুক্তি হয়েছে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই লিজের মেয়াদ চলবে ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত। প্রথম তিন বছরে প্রতি মাসে ১৭ লক্ষ টাকা ভাড়া পাবেন অভিনেতা। এরপর চুক্তির শেষ দুই বছরে মাসিক ভাড়া বেড়ে হবে ১৯.৫৫ লক্ষ টাকা। সংস্থাটি ইতিমধ্যেই ৬৮ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিটও জমা দিয়েছে।
রিয়েল এস্টেটে বিনিয়োগে হৃত্বিকের আগ্রহ নতুন নয়। এর আগেও পরিবারের সংস্থার সঙ্গে যৌথভাবে আন্ধেরি এলাকায় প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে একাধিক অফিস স্পেস কিনেছিলেন তিনি। সেই বিনিয়োগও এখন উল্লেখযোগ্য সম্পদে পরিণত হয়েছে।
অভিনয়ের পাশাপাশি সুপরিকল্পিত সম্পত্তি বিনিয়োগের মাধ্যমে নিয়মিত বিপুল আয় নিশ্চিত করে আবারও আলোচনায় উঠে এলেন বলিউডের এই তারকা।







