কলকাতা: জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা টেলিভিশনের পর্দায় ফিরছেন। প্রায় কয়েক মাস ধরে অদৃশ্য থাকার পর অবশেষে সোনামণির ভক্তদের জন্য সুখবর এসেছে। অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের নতুন একটি সিরিয়ালে তাকে নায়িকা হিসেবে দেখা যাবে।
এই সিরিয়ালটি স্টার জলসায় প্রচারিত হবে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল মল্লিক এবং রানা বসু ঠাকুর।
মুখ্য চরিত্র, অর্থাৎ নায়কের ভূমিকায় থাকবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। ‘সোহাগ জল’ সিরিয়ালের পর হানিও ফের ক্যামেরার সামনে ফিরছেন।
‘মোহর’ সিরিয়াল হিট হওয়ার পর সোনামণি সাহা এবং প্রতীক সেনের জনপ্রিয়তা অনেক বেড়েছিল। এই জুটিকে আবার ‘এক্কাদোক্কা’ সিরিয়ালেও ফিরিয়ে আনা হয়। তবে তৃতীয় বার আর প্রতীকের সঙ্গে জুটি বাঁধছেন না সোনামণি। কারণ প্রতীকও স্টার জলসাতে নতুন সিরিয়াল ‘উড়ান’ এর হাত ধরে পর্দায় ফিরছেন।
প্রতীকের পাশাপাশি সোনামণিও স্টার জলসাতেই আরও একটি নতুন সিরিয়াল নিয়ে আসছেন। এই সিরিয়ালের নাম হতে পারে ‘শুভ বিবাহ’। যদিও তা কনফার্ম নয়।
যতদূর জানা যাচ্ছে ধারাবাহিকের প্রোমো শুটিং নাকি হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই প্রধান পর্বগুলোর শুটিং শুরু হবে। হানির সঙ্গে সোনামণির জুটি কেমন হবে সেটাই এখন দেখার। সোনামণি এবং প্রতীকের জুটি তো সুপারহিট ছিল। অন্যদিকে আবার প্রতীকও নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন। নতুন এই দুটি সিরিয়ালের সম্প্রচার শুরু হবে খুব শিগগিরই।







