বলিউড সুপারস্টার সলমন খানের সমাজসেবামূলক উদ্যোগ ‘বিয়িং হিউম্যান’-কে ঘিরে আইনি বিতর্ক সামনে এসেছে। প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সলমন খান, তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং সংশ্লিষ্ট সংস্থার কর্তাদের সমন পাঠিয়েছে চণ্ডীগড়ের একটি আদালত। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানিতে তাঁদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাকারী অরুণ গুপ্তা নামে চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর অভিযোগ, ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের গয়নার শোরুম খোলার জন্য তাঁকে একাধিক আশ্বাস দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসে তিনি প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেন। অভিযোগ, শোরুম তৈরি ও ব্যবসা শুরু হলেও চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি। ফলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন এবং এতে তাঁর বিপুল আর্থিক ক্ষতি হয়।
অরুণ গুপ্তার দাবি, ‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি বিক্রির লাইসেন্সধারী সংস্থা স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, ‘বিগ বস’-এর শুটিং চলাকালীন সলমন খান শোরুম উদ্বোধনে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত যাননি।
অন্যদিকে, সলমন খানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের বক্তব্য, ব্যবসায়ীর সঙ্গে সলমন খানের কোনও সরাসরি চুক্তি ছিল না। অভিনেতা শুধুমাত্র ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স সংশ্লিষ্ট সংস্থাকে দিয়েছিলেন। ফলে ব্যবসায়িক লেনদেন বা পরিচালনার সঙ্গে তাঁর প্রত্যক্ষ সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে।
এখন আদালতের পরবর্তী শুনানির দিকেই নজর রয়েছে। ৫ অক্টোবর আদালতে উপস্থিতির পর মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।







