খেলাধুলা

দাবানলে বিধ্বস্ত স্পেনের পাশে মেসি, পুনর্গঠনে দিলেন প্রায় ৮৮ লক্ষ টাকার সাহায্য

প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপের সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে আধুনিক সভ্যতা। ইউরোপের বিস্তীর্ণ আকাশ ঢেকে গিয়েছে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায়। সবুজ বনভূমি পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে। ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ অঞ্চলে ভয়ঙ্কর দাবানলের জেরে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন। এমন বিপর্যয়ের সময় দুর্গতদের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো আর্থিক সহায়তা দিয়েছেন।

জন্মসূত্রে আর্জেন্টিনার হলেও মেসির ফুটবলজীবনের বড় অংশ জুড়েই রয়েছে স্পেন। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর হরমোনজনিত চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয় বার্সেলোনা ক্লাব। এরপর দীর্ঘদিন বার্সার জার্সিতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। মেসির স্প্যানিশ পাসপোর্টও রয়েছে। আন্তর্জাতিক স্তরে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি নিজের মাতৃভূমি আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন। তাই অনেকের মতে, বিশ্বতারকা হিসেবে মেসির উত্থানের ভিত তৈরি হয়েছিল স্পেনেই।

সেই প্রিয় স্পেন এখন ভয়াবহ দাবানলের কবলে। ইউরোপের একাধিক দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। চরম গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। রাজধানী মাদ্রিদের আশপাশের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই পুড়ে গিয়েছে। প্রায় ৭৭০ বর্গকিলোমিটার অঞ্চল আগুনে ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আকাশে দেখা দিয়েছে বিরল ‘ফায়ার থান্ডারস্টর্ম’ বা আগুনজনিত বজ্রঝড়। প্রচণ্ড তাপে ধোঁয়া, ছাই ও জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে বিশাল মেঘের সৃষ্টি করছে। সেই মেঘ থেকেই বজ্রপাত হয়ে নতুন নতুন জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।

এই পরিস্থিতিতে মাদ্রিদের পার্শ্ববর্তী সিয়েরা অয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন লিওনেল মেসি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। মাদ্রিদের প্রেসিডেন্ট দিয়াজ আয়ুসো মেসির এই উদ্যোগের জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, আর্জেন্টিনার এই মহাতারকাই স্বতঃপ্রণোদিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে মেসিও অনুরোধ করেছেন, অনুদানের প্রতিটি অর্থ যেন সঠিক ও স্বচ্ছ উপায়ে দুর্গত মানুষের স্বার্থে ব্যয় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.