বাঙালির পাতে মাটনের কোনও পদ থাকলে জমে যায় খাওয়াদাওয়া। আর তার মধ্যে মাটন রেজালা যেন আলাদা এক আকর্ষণ। সাদা, মোলায়েম গ্রেভি, দই-বাদামের স্বাদ এবং হালকা সুগন্ধি মশলার মেলবন্ধনে তৈরি এই পদটি উৎসবের আয়োজন থেকে রবিবারের বিশেষ লাঞ্চ—সবেতেই হতে পারে নজরকাড়া।
উপকরণ
মাটন ৫০০ গ্রাম, টক দই ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো আধ চা-চামচ, এলাচ ৩টি, দারচিনি ১ টুকরো, লবঙ্গ ৩টি, তেজপাতা ১টি, ঘি ২ টেবিল চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, নুন ও চিনি স্বাদমতো এবং প্রয়োজনমতো গরম জল।
প্রণালী
প্রথমে মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর দই, আদা-রসুন বাটা, সামান্য নুন ও সাদা গোলমরিচ দিয়ে মাংসটি অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
কড়াইয়ে তেল ও ঘি গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে হালকা আঁচে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মেরিনেট করা মাটন দিয়ে ভালোভাবে কষে নিন।
এরপর কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে প্রয়োজনমতো গরম জল দিন। ঢেকে কম আঁচে মাটন নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি ও নুন ঠিক করে দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন। শেষে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
গরম গরম মাটন রেজালা পরিবেশন করুন পোলাও, বাসন্তী পোলাও কিংবা পরোটার সঙ্গে। নবাবি স্বাদের এই পদে জমে উঠবে যে কোনও বিশেষ দিনের ভোজ।







