প্রশ্নপত্রে একাধিক তথ্যগত, মুদ্রণগত ও অনুবাদজনিত ভুলের অভিযোগের জেরে UGC-NET জুন ২০২৬-এর তিনটি বিষয়ের পরীক্ষা ফের নেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা—এই তিন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে অভিযোগ জমা পড়ার পর একটি কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখে NTA।
কমিটির রিপোর্টে তিনটি প্রশ্নপত্রেই একাধিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে বিশিষ্ট শিক্ষাবিদদের নামের বানান ভুল, বইয়ের নাম বিকৃত হওয়া, প্রশ্নের ভাষাগত ও ব্যাকরণগত ত্রুটি, লিঙ্গ ও বচনের অসামঞ্জস্য, যতিচিহ্নের ভুল এবং প্রচলিত ধারণার ক্ষেত্রে অপ্রচলিত শব্দের ব্যবহার। পাশাপাশি, পূর্ববর্তী পরীক্ষায় আসা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন ফের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল বলেও কমিটি জানিয়েছে।
NTA-র সিদ্ধান্ত অনুযায়ী, ৯ সেপ্টেম্বর প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে ইংরেজি পরীক্ষা। একই দিন দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে কমার্স পরীক্ষা। ১০ সেপ্টেম্বর প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে সমাজবিদ্যা পরীক্ষা।
এই তিন বিষয়ের পরীক্ষার্থীদের জন্য কোনও অতিরিক্ত ফি লাগবে না। পরীক্ষার শহর, কেন্দ্র এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে NTA-র সরকারি ওয়েবসাইটে জানানো হবে।
তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না বাকি ৮৪টি বিষয়ের ফলপ্রকাশে। নির্ধারিত সময়েই ওই বিষয়গুলির ফল, JRF আসন বণ্টন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও PhD ভর্তির জন্য ই-সার্টিফিকেট প্রকাশ করা হবে।







