অন্নপূর্ণা যোজনার টাকা কবে হাতে আসবে, তা নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে, তখনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। সেখানেই তিনি দাবি করেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার মাপকাঠি রয়েছে। প্রত্যেকের জন্য প্রতিটি প্রকল্প প্রযোজ্য নয়।
লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বহু মানুষকে নিয়মিত আর্থিক সুবিধা দেওয়ার ফলে মানুষের মধ্যে সরকারি সহায়তা পাওয়ার একটি ‘অভ্যাস’ তৈরি হয়েছে। কিন্তু যোগ্যতা না থাকলে কাউকে সরকারি প্রকল্পের টাকা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও এখনও টাকা না আসায় ক্ষোভ প্রকাশ করছেন বহু আবেদনকারী। প্রশাসনের তরফে আগে জানানো হয়েছিল, যোগ্য উপভোক্তাদের ১৭ অগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও টাকা না মেলায় বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর সামনে এসেছে।
মেদিনীপুরেও এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। শুক্রবার সেখানে গিয়ে অন্নপূর্ণার টাকা নিয়ে মহিলাদের প্রশ্নের মুখে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগকারীরা সরাসরি জানতে চান, আবেদন করার পরও কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।
অগ্নিমিত্রা তাঁদের স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি এসডিও দফতরে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন। আবেদন আপলোড এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভের আবহেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য—দুই ইস্যুকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি।







