মালদহের একটি স্কুলে ট্রান্সফার সার্টিফিকেটে নামের বানান ভুলকে কেন্দ্র করে চরম উত্তেজনা। অভিযোগ, প্রাক্তন এক ছাত্রকে টিসি দিতে কিছুটা সময় চাওয়ায় স্কুলের স্টাফরুমে ঢুকে এক মহিলা অশিক্ষক কর্মীকে রুলার ও লাঠি দিয়ে মারধর করে একদল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বামনগোলার জগদলা হাই স্কুলে।
জানা গিয়েছে, শুক্রবার ওই প্রাক্তন ছাত্র টিসি নিতে স্কুলে এসেছিলেন। সার্টিফিকেটে তাঁর নামের বানান ভুল থাকায় তা সংশোধন করতে কিছুটা সময় প্রয়োজন বলে জানান সংশ্লিষ্ট মহিলা কর্মী। অভিযোগ, এই বিষয়টি নিয়েই প্রথমে বচসা শুরু হয়। পরে কয়েকজন ছাত্র স্টাফরুমে ঢুকে ওই কর্মীকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ।
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
নির্যাতিতার অভিযোগ আরও গুরুতর। তাঁর দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদারের মদতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। অতীতেও তাঁকে বিভিন্নভাবে হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনায় বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা কর্মী।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর পালটা দাবি, মহিলা কর্মীই প্রথমে ছাত্রদের মারধর করেছিলেন এবং পরে তাঁকেও হেনস্থার শিকার হতে হয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
কে আগে হামলা করেছিলেন? কেনই বা একটি টিসির বানান সংশোধনকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? স্কুলের ভিতরের এই ঘটনার আসল সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।







