রাজনীতি

মাঝরাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ, মহুয়ার জরুরি আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

রাতের অন্ধকারে নিজের লোকসভা এলাকার সার্কিট হাউস ছেড়ে বেরিয়ে যাওয়ার নোটিশ দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে তাঁর করা জরুরি শুনানির আবেদনে বিশেষ গুরুত্ব দিল না শীর্ষ আদালত। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহুয়া অভিযোগ করেন, এই ঘটনায় তাঁর সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলাটি উল্লেখ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমরা এই আবেদন গুরুত্ব দিচ্ছি না।”

মহুয়া মৈত্রের হয়ে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন তাঁর আইনজীবী। তিনি জানান, কলকাতা হাইকোর্টের তরফে মহুয়াকে ইতিমধ্যেই রক্ষাকবচ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও গভীর রাতে তাঁকে সার্কিট হাউস থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আইনজীবীর দাবি, একজন ব্যক্তির সাংবিধানিক অধিকারে এই ধরনের হস্তক্ষেপ অত্যন্ত গুরুতর বিষয়। একইসঙ্গে এই ঘটনায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়েও প্রশ্ন উঠছে বলে আদালতে জানান তিনি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয়।

গত ১৪ অগাস্ট কৃষ্ণনগর সার্কিট হাউসে থাকার সময় গভীর রাতে জেলা প্রশাসনের তরফে মহুয়া মৈত্রকে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, হাইকোর্টের সুরক্ষা নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা মাঝরাতে তাঁকে হয়রান করেন। পাশাপাশি সার্কিট হাউসের বাইরে একদল মানুষ বিক্ষোভও দেখান বলে অভিযোগ তাঁর।

এই পরিস্থিতিতে নির্বাচিত একজন সাংসদকে রাতের বেলায় যেভাবে নিশানা করা হয়েছে, তাতে মৌলিক অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে বলে দাবি করেন মহুয়ার আইনজীবী। সেই কারণেই প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। তবে শীর্ষ আদালত সেই আবেদনে তাৎক্ষণিক গুরুত্ব দেয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.