নয়াদিল্লি: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে প্রতারণার নতুন কৌশল সামনে এল দিল্লিতে। এ বার কোনও সাধারণ আর্থিক অপরাধ নয়, দেশের সংবেদনশীল বিস্ফোরণকাণ্ডে নাম জড়ানোর ভয় দেখিয়ে এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে।
দ্বারকার ওই প্রবীণ রেলকর্মীর কাছে প্রথমে ফোন আসে। পরে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যোগাযোগ করে প্রতারকেরা নিজেদের ATS, NIA এবং RBI-এর আধিকারিক বলে পরিচয় দেয়। পুলিশ সূত্রের দাবি, তাঁকে জানানো হয়, ২০২৫ সালের লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তদন্তে তাঁর নাম উঠে এসেছে। এমনকি সন্ত্রাসে অর্থ জোগান এবং মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগে গ্রেফতারির হুমকিও দেওয়া হয়।
বিশ্বাসযোগ্যতা তৈরি করতে অভিযুক্তেরা ভিডিও কলে পাঠায় একাধিক ভুয়ো নথি—গোপনীয়তা চুক্তি, লিগালাইজেশন বন্ড এবং RBI-এর কাগজপত্র। এরপর শুরু হয় মানসিক চাপ। দীর্ঘ সময় ধরে ওই বৃদ্ধকে একা ঘরে থাকতে বাধ্য করা হয় এবং ভিডিও কলের মাধ্যমে কার্যত নজরদারিতে রাখা হয় বলে অভিযোগ।
ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিট—সব তথ্য হাতিয়ে টাকা ট্রান্সফার
পুলিশের দাবি, আতঙ্কিত করে প্রতারকেরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য সম্পত্তির তথ্য জেনে নেয়। এরপর ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট প্রায় ৩০ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করানো হয়।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশে অভিযোগ জানান ওই প্রবীণ। তদন্তে নেমে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের AGS টিম জানতে পারে, প্রতারণার ১৫ লক্ষ টাকা হরিয়াণার ‘শ্রী বালাজি ট্র্যাক্টর’ নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সুনীল সিংলাকে ফতেহাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, ধৃতের নিয়ন্ত্রণাধীন ওই অ্যাকাউন্টের সঙ্গে আরও অন্তত সাতটি সাইবার প্রতারণার যোগসূত্র পাওয়া গিয়েছে।
পুলওয়ামার নামেও একই কায়দায় প্রতারণা
তদন্তকারীদের মতে, দেশের বড় জঙ্গি হামলা বা বিস্ফোরণের ঘটনাকে সামনে রেখে ভয় দেখানো এখন সাইবার প্রতারকদের নতুন কৌশল হয়ে উঠছে। সম্প্রতি লখনউয়ের এক অবসরপ্রাপ্ত FCI কর্মীকেও ২০১৯ সালের পুলওয়ামা হামলায় নাম জড়ানোর ভয় দেখিয়ে ৪২.০৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।
পুলিশের পরামর্শ, এ ধরনের ফোন বা ভিডিও কল পেলে আতঙ্কিত হয়ে কোনও টাকা পাঠানো যাবে না। কোনও সরকারি সংস্থা ভিডিও কলে এ ভাবে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে না। সন্দেহ হলেই দ্রুত স্থানীয় পুলিশের সাহায্য নিতে হবে অথবা ১৬৯৩০ সাইবার হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।







