উত্তর ২৪ পরগনা: নিজের স্ত্রীকেই কখনও মেয়ে, আবার কখনও ভাইঝি সাজিয়ে একাধিক বিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। শুধু তাই নয়, বিয়ের আসরে স্ত্রীর ‘কাকা’ সেজে কন্যাদানও করতেন স্বামী! পাত্রপক্ষের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না হাতানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, ঘটকের মাধ্যমে ছবি দেখে কলসুরের এক অবিবাহিত ব্যক্তি ওই পাত্রীকে পছন্দ করেন। এরপর মন্দিরে ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় পাত্রীর কাকা পরিচয়ে এক ব্যক্তি কন্যাসম্প্রদান করেন। কিন্তু বিয়ের পরের দিনই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য—কাকা পরিচয় দেওয়া ওই ব্যক্তি আসলে পাত্রীর স্বামী!
অভিযোগ আরও, ওই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে এবং তাঁদের দু’জনেরই বিয়ে হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রাম্যস্তরে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা হয় বলেও অভিযোগ। শেষ পর্যন্ত দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি।
পুলিশের জেরায় আরও একাধিক বিয়েতে একই কায়দায় প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। তাঁদের বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে।







