কলকাতা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে, শপথ অনুষ্ঠানে উঠে এল সংগ্রামের কথা

বুধবার কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এদিন সকাল ১০টায় হাইকোর্টের ঐতিহ্যবাহী এক নম্বর এজলাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার, একাধিক বিধায়ক এবং দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিশিষ্ট বিচারপতি ও প্রবীণ আইনজীবীরা। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নতুন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এটি দেশের প্রাচীনতম আদালতগুলির অন্যতম, যেখানে তাঁর আগে বহু কৃতী ও স্বনামধন্য ব্যক্তি দায়িত্ব পালন করেছেন। বাংলার ঐতিহ্য এবং স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

নিজের অতীত জীবনের সংগ্রামের কথাও এদিন স্মরণ করেন বিচারপতি ঘুগে। তিনি জানান, বর্তমান অবস্থানে পৌঁছনোর পথ মোটেই সহজ ছিল না। একসময় সাইকেল চালিয়ে এবং প্রায় চার মাইল পথ হেঁটে তাঁকে ল কলেজে যেতে হয়েছে। এই দীর্ঘ যাত্রায় স্ত্রী ও পরিবারের সদস্যদের নীরব ত্যাগের কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তিনি। মায়ের কথাও এদিন বিশেষভাবে মনে পড়ছে বলে জানান নতুন প্রধান বিচারপতি।

তরুণ প্রজন্ম এবং আইনজীবীদের উদ্দেশে তাঁর বার্তা, সাফল্যের পথে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিচারব্যবস্থার কাজ আরও সহজ ও কার্যকর করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। নিজেকে প্রথমে একজন আইনজীবী হিসেবে উল্লেখ করে তাঁর বক্তব্য, বিচারপ্রার্থী-সহ সকলের জন্য আদালতের দরজা সবসময় খোলা থাকবে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের দায়িত্ব নেওয়ার আগে বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে ঔরঙ্গাবাদ থেকে আইনের ডিগ্রি অর্জনের পর বোম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০১৩ সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন রবীন্দ্র ভি ঘুগে। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বও সামলান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.