অফবিট

গণেশপুজোয় দোকানের মোদক নয়, বাড়িতেই বানান ৩ স্বাদের! ১৫ মিনিটেই তৈরি, উপকরণও হাতের কাছে

গণেশপুজো মানেই সিদ্ধিদাতার প্রিয় মোদক। পুজোর ভোগে মোদক না থাকলে যেন আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে উৎসবের সময়ে মিষ্টির দোকানে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন একাধিক স্বাদের মোদক। সময়ও লাগবে খুব কম।

এবার গণেশ চতুর্থীতে ভোগের জন্য বানিয়ে ফেলুন বেসন, মাওয়া ও কাজুর মোদক। স্বাদে আলাদা, অথচ তৈরির পদ্ধতি বেশ সহজ।

১. বেসনের মোদক

প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে এক কাপ বেসন অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিন। বেসন থেকে ঘি বেরিয়ে আসতে শুরু করলে তাতে আধ কাপ গুঁড়ো চিনি এবং আধ কাপ কনডেন্সড মিল্ক মেশান। এর সঙ্গে দুধে ভেজানো কেশর দিয়ে ভালো করে পাক দিতে থাকুন। মিশ্রণটি যখন কড়াই ছাড়তে শুরু করবে, তখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে মোদকের ছাঁচে ভরে নিন।

২. মাওয়া মোদক

ননস্টিক কড়াইয়ে আধ কাপ ঘন দুধ গরম করে তাতে তিন টেবিলচামচ ঘি দিন। এবার দু’কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেশাতে থাকুন। এরপর কেশর ভেজানো দুধ, এলাচের গুঁড়ো এবং আধ কাপ চিনি দিয়ে মিশ্রণটি পাক করুন। ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা করুন। এরপর ছাঁচে ভরে তৈরি করে নিন নরম ও সুস্বাদু মাওয়া মোদক।

৩. কাজুর মোদক

দু’কাপ কাজু মিক্সিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। অন্যদিকে এক কাপ চিনি ও আধ কাপ জল দিয়ে চিনির সিরা তৈরি করুন। চিনি পুরোপুরি গলে গেলে তাতে কাজুর গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে পেস্তাকুচি মিশিয়ে আরও কিছুক্ষণ পাক দিন। আঁচ বন্ধ করে মিশ্রণটি সামান্য ঠান্ডা করে মোদকের ছাঁচে ভরে নিন।

তিন রকম মোদকের মধ্যে যেটিই বানান না কেন, বাড়িতে তৈরি বলে স্বাদে থাকবে আলাদা মায়া। তাই গণেশ চতুর্থীর ভোগে এবার দোকানের মিষ্টির বদলে নিজের হাতেই বানিয়ে ফেলুন সিদ্ধিদাতার প্রিয় মোদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.