দেশ

মৃত্যুর পরও সেবার নজির, রাহুলের অঙ্গদানে বাঁচল ৭ প্রাণ

‘সেবাই পরম ধর্ম’—এই কথাটিই যেন নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন বছর তিরিশের জওয়ান রাহুল রাজীব। জীবদ্দশায় দেশের সেবায় নিয়োজিত ছিলেন হিমাচলের এই সৈনিক। আর মৃত্যুর পরও তাঁর অঙ্গদানের মাধ্যমে বেঁচে গেল সাতটি প্রাণ। ‘ব্রেন ডেথ’-এর পর তাঁর দুটি কিডনি, লিভার, হার্ট ভালভ, চামড়া এবং কর্নিয়া দান করা হয়েছে।

কর্মজীবনেই অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। সেই উদ্দেশ্যে কেরল স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন বা K-SOTTO-তে নিজের নাম নথিভুক্ত করেছিলেন তিনি। তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে তাঁর ব্রেন ডেথের খবর পাওয়ার পর পরিবার তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। এরপর K-SOTTO-র উদ্যোগে রাহুলের দান করা অঙ্গগুলি গ্রিন করিডরের মাধ্যমে তিরুবনন্তপুরম-সহ একাধিক শহরের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

রাহুলের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসান। এক্স-এ পোস্ট করে তিনি রাহুলের অঙ্গদানের সিদ্ধান্তকে কুর্নিশ জানান। একইসঙ্গে এই অঙ্গগুলি দ্রুত নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কেরল পুলিশের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পুলিশের সহযোগিতায় তিরুবনন্তপুরম থেকে তিরুভল্লা পর্যন্ত গ্রিন করিডর তৈরি করা হয়। সেই পথেই একাধিক হাসপাতালে পৌঁছে যায় রাহুলের দান করা অঙ্গ। যার ফলে উপকৃত হন সাত জন রোগী।

জানা গিয়েছে, রাহুলের লিভার প্রতিস্থাপন করা হয়েছে KIMS হাসপাতালের এক রোগীর শরীরে। দুটি কিডনির একটি পাঠানো হয়েছে পুষ্পগিরি মেডিকেল কলেজে এবং অন্যটি তিরুবনন্তপুরম মেডিকেল কলেজে। তাঁর হার্ট ভালভ দেওয়া হয়েছে শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে। এছাড়াও তাঁর চামড়া বা টিস্যু দেওয়া হয়েছে তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ হাসপাতালে। কর্নিয়া পাঠানো হয়েছে তিরুবনন্তপুরমের একটি চক্ষু হাসপাতালে।

দেশের সেবায় জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন রাহুল। মৃত্যুর পর তাঁর অঙ্গদানের মাধ্যমে সাতটি জীবনকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়ে রেখে গেলেন এক অনন্য দৃষ্টান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.