প্রেমের সম্পর্কের পর দু’মাস আগেই বিয়ে। নতুন জীবনের শুরুটা আরও স্মরণীয় করে তুলতে দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা সমীর দাস ও তাঁর স্ত্রী নিকিতা সাহা। কিন্তু শৈলশহরে সেই আনন্দের সফরই পরিণত হল ভয়াবহ দুর্ঘটনায়। হোমস্টেতে বার্বিকিউ করার সময় আগুনে গুরুতরভাবে ঝলসে যান নিকিতা। বর্তমানে প্রায় ৬০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
সমীরের অভিযোগ, হোমস্টেতে বার্বিকিউয়ের দায়িত্বে থাকা এক কর্মীর অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা। তাঁর দাবি, বার্বিকিউয়ের আগুনে ওই ব্যক্তি একটি তেলের ড্রাম কাত করে ঢালার চেষ্টা করেন। আচমকাই আগুনের তীব্রতা বেড়ে গিয়ে তেল নিকিতার গায়ে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে তাঁর পোশাকে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় নিকিতাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সমীরের অভিযোগ, দুর্ঘটনার পরেও হোমস্টে কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় জরুরি সহযোগিতা পাওয়া যায়নি।
যদিও সমীরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হোমস্টে কর্তৃপক্ষ। তাদের দাবি, CCTV ফুটেজে আগুনের সামনে থাকা তৃতীয় ব্যক্তি তাঁদের কর্মচারী নন। দম্পতিকে বারবার আগুনের কাছাকাছি না বসার জন্য সতর্ক করা হয়েছিল বলেও দাবি কর্তৃপক্ষের। তাঁদের আরও বক্তব্য, নিকিতা নাইলনের পোশাক পরেছিলেন এবং সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে প্রকাশ্যে আসা CCTV ফুটেজ ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। ফুটেজে দেখা যাচ্ছে, দম্পতি মুখোমুখি বসে বার্বিকিউ করার সময় তাঁদের বিপরীতে থাকা এক ব্যক্তি একটি ড্রাম কাত করে আগুনে কিছু ঢালার চেষ্টা করছেন। এরপরই আচমকা আগুনের শিখা বেড়ে গিয়ে নিকিতার শরীরে ছড়িয়ে পড়ে।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। দার্জিলিং পুলিশ CCTV ফুটেজ-সহ গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। বার্বিকিউয়ের সময় ঠিক কী পদার্থ আগুনে ঢালা হয়েছিল, ওই ব্যক্তি হোমস্টের কর্মী ছিলেন কি না এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না—এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
নবদম্পতির আনন্দের সফর কীভাবে এমন ভয়াবহ ঘটনায় পরিণত হল, তা তদন্ত শেষ হলেই আরও স্পষ্ট হবে।







