রাজনীতি

পুরভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল, মহিলা মোর্চায় অঞ্জনা বসু, সরলেন তিন মন্ত্রী

পুজো মিটতেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হওয়ার সম্ভাবনা। তার আগেই সংগঠনে বড়সড় পরিবর্তন আনল রাজ্য বিজেপি। শুক্রবার দলের তরফে একাধিক পদে নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে। মহিলা, যুব ও ওবিসি মোর্চা থেকে শুরু করে সাংগঠনিক জেলার সভাপতি এবং রাজ্য সম্পাদক—বিভিন্ন স্তরেই দায়িত্বে বদল এসেছে। সূত্রের খবর, ‘এক পদ, এক ব্যক্তি’ নীতি কার্যকর করতেই এই রদবদল।

এই নীতির জেরে সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে, দীর্ঘদিনের গেরুয়া শিবিরের কর্মী হিসেবে পরিচিত অভিনেত্রী অঞ্জনা বসুকে মহিলা মোর্চার সভানেত্রী করার সিদ্ধান্তে রয়েছে চমক। অগ্নিমিত্রা পালের জায়গায় এবার মহিলা বিজেপির দায়িত্ব সামলাবেন অঞ্জনা।

বিজেপির সংগঠনে পরিবর্তন নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক চলছিল। শুক্রবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, বিজেপি যুব মোর্চার সভাপতি পদে বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁয়ের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন বিধায়ক অমিত সামন্ত। মহিলা মোর্চার দায়িত্ব থেকে রাজ্য সাধারণ সম্পাদক পদে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকেও সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সাতটি সাংগঠনিক জেলা—বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান এবং কাটোয়ায় সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। রাজ্য সম্পাদক পদ থেকেও সরানো হয়েছে যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে। অন্যদিকে, দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.