রাজ্যের বাসিন্দাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার পরিধি বাড়াল তামিলনাড়ু সরকার। এই পরিষেবা সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের দায়িত্ব পালন করলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মহিলা যাত্রীদের হাতে তিনি বিনামূল্যে টিকিট তুলে দিচ্ছেন।
২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ‘ভেট্টি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত রূপের সূচনা হয়। এরপর চেন্নাইয়ের একটি সরকারি বাসে যাত্রীদের সঙ্গে কথা বলতে এবং টিকিট বিলি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর এই ব্যতিক্রমী ভূমিকাই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। যাত্রীরাও মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। বাসে থাকা কলেজ পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন এবং তাঁকে চকোলেট উপহার দেন।
এর আগে তামিলনাড়ুতে মহিলারা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাস এবং পাহাড়ি রুটে সর্বোচ্চ ৪০ কিলোমিটার পর্যন্ত চলাচলকারী সাধারণ বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতেন।
নতুন সম্প্রসারণের ফলে ‘ভেট্টি পায়ানাম’ প্রকল্পের আওতায় মেট্রোপলিটন ও শহরাঞ্চলের এক্সপ্রেস, লিমিটেড স্টপ এবং ডিলাক্স বাসও যুক্ত হয়েছে। পাশাপাশি ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের মফস্বল রুটের সাধারণ বাস এবং পাহাড়ি এলাকার ঘাট রুটের সাধারণ বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা মিলবে।
তামিলনাড়ু সরকারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের সাতটি পরিবহণ সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসকে এই সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৮৪.৩ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে দাবি সরকারের।
পরিবহণ মন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান জানিয়েছেন, গণপরিবহণের সুযোগ আরও বিস্তৃত করাই এই সম্প্রসারণের মূল লক্ষ্য। বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী ছাত্রী এবং কর্মস্থল, হাসপাতাল-সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে যাতায়াত করা মহিলাদের সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবার পরিধি বাড়ানো হয়েছে। বিনামূল্যে যাতায়াতের হিসাব সংরক্ষণের জন্য বাসে ব্যবহৃত ইলেকট্রনিক টিকিটিং মেশিনগুলিকেও প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।







