ঘরের মাঠে বিশ্বকাপ সবসময়ই অন্য রকম আবেগ বয়ে আনে। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতীয় মহিলা দলের অভিযান। তবে এই আসরে শুধুই ক্রিকেট নিয়েই ভাবতে চান হরমনপ্রীত কৌর। অধিনায়কের স্পষ্ট বক্তব্য, দেশের মাটিতে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে স্বপ্নপূরণের সমান, কিন্তু তিনি এবং তাঁর সতীর্থরা কোনও বাড়তি চাপ নিতে রাজি নন।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরমনপ্রীত বলেন, “দেশকে নেতৃত্ব দেওয়া সবসময়ই বিশেষ মুহূর্ত। আর দেশের মাটিতে সেই সুযোগ পাওয়া নিঃসন্দেহে অনন্য। প্রায় ১২ বছর পর দেশে বিশ্বকাপ হচ্ছে। এটা শুধু আমাদের জন্য নয়, গোটা ভারতীয় মহিলা ক্রিকেটের জন্যই গর্বের বিষয়।” অধিনায়কের মতে, এই টুর্নামেন্টকে চাপ হিসেবে নয়, বরং আনন্দের অভিজ্ঞতা হিসেবেই নিতে চান তাঁরা।
৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়েও প্রশ্ন ওঠে। রাজনৈতিক উত্তেজনার আবহে করমর্দনের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে হরমনপ্রীতের উত্তর ছিল দৃঢ়—“আমরা কেবল ক্রিকেট খেলতে এসেছি। মাঠে আমাদের দায়িত্ব খেলাটা খেলা। যা আমাদের হাতে নেই, তা নিয়ে ভেবে কোনও লাভ নেই।” তাঁর কথায় পরিষ্কার, প্রতিদ্বন্দ্বীকে সম্মান জানানো হবে খেলার মাধ্যেমে, রাজনীতি নয়।
এদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসে হিলিও মনে করছেন, ভারতের মাটিতে হরমনপ্রীতদের হারানো সহজ হবে না। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া যেখানে আবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, সেখানে ভারতীয়রা নিজেদের মাটিতে সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যাশায়। সব মিলিয়ে বিশ্বকাপের আগে হরমনপ্রীতের শান্ত অথচ দৃঢ় মনোভাব বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ‘উইমেন ইন ব্লু’-কে।







