খেলাধুলা

দারিদ্র্য পেরিয়ে রানের ফুলঝুরি, বাংলার ‘ক্রাইসিস ম্যান’ হতে চান সুদীপ

রঞ্জিতে গত মরশুমে অন্ধ্রের বিরুদ্ধে ২৯৯, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৪৬। এবার দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচেই অপরাজিত ১২২। এর সঙ্গে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালের ১৪৬ যোগ করলে শেষ কয়েকটি ইনিংসে সুদীপ ঘরামির ব্যাটে রানের বন্যা। তিন রঞ্জি ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ৫৬৭। তবে দুর্দান্ত ফর্মেও আত্মতুষ্ট নন বাংলার এই ব্যাটার।

কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে সুদীপ জানিয়েছিলেন, অফ-সিজনে ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছিলেন। দলীপ ট্রফির শুরুতেই শতরান করলেও পরের কয়েকটি ম্যাচে প্রত্যাশামতো রান আসেনি। সেই রান-খরাই তাঁকে আরও জেদি করে তোলে। দিল্লির শক্তিশালী পেস আক্রমণের বিরুদ্ধে সেই জেদই কাজে লাগান তিনি।

সুদীপের লড়াই অবশ্য শুধু মাঠের নয়। ছোটবেলায় তাঁদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত কঠিন। বাবা সুশান্ত ঘরামি রাজমিস্ত্রির কাজ করতেন। ক্রিকেটের সরঞ্জাম কেনার সামর্থ্যও ছিল না। ধার করে ছেলের জন্য ব্যাট-কিট কিনতেন তিনি। প্রতিবেশীদের কটাক্ষ উপেক্ষা করে ছেলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যান। ভাঙাচোরা মাটির ঘর থেকে উঠে এসে অনূর্ধ্ব-১৯ ম্যাচের উপার্জনে প্রথম পাকা বাড়ি তৈরি করেন সুদীপ।

গত রঞ্জি মরশুমে ৫৩.৭৭ গড়ে ৭৯৭ রান করে বাংলার সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। ব্যাট লিফট, গ্রিপ ও স্টান্সের ত্রুটি শুধরে অফ-সিজনে বিশেষ অনুশীলনও করেছেন। ইরানি কাপে প্রত্যাশামতো রান না পেলেও সরফরাজ খানের পরামর্শ নিয়েছেন। তাঁর মন্ত্র—শুরুটা খারাপ হলেও সুযোগ এলে ইনিংস বড় করতে হবে।

এখন লক্ষ্য একটাই—বাংলার বিপদে বারবার দাঁড়িয়ে ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠা। অনুষ্টুপ মজুমদারকে আদর্শ মেনে চাপের পরিস্থিতিতে দলকে টেনে তোলাই তাঁর স্বপ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.