আবহাওয়া

ঘূর্ণিঝড়ের পর ফের দুর্যোগের আশঙ্কা, নতুন নিম্নচাপে বৃষ্টিতে ভিজবে বাংলা

ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে প্রবেশের পর শক্তি হারালেও বাংলার আকাশ থেকে কাটেনি দুর্যোগের মেঘ। এর মধ্যেই আন্দামান সাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যা শনিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। নতুন এই নিম্নচাপের অভিমুখ পূর্ব উপকূলের দিকে হলেও কোথায় স্থলভাগে প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট নয়।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়ের অবশিষ্ট প্রভাব, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সিকিমের নাথুলা ও নাথাং ভ্যালিতে শুরু হয়েছে তুষারপাত। আজ ও আগামীকাল ভারী তুষারপাতের আশঙ্কাও রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.