কলকাতারাজনীতি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পালটা বিজেপির মিছিল, কলকাতায় তেরঙ্গা হাতে নীতীন-শুভেন্দু-শমীক

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধারাবাহিকভাবে পথে নামছে বিরোধী দলগুলি। তাদের কর্মসূচির পালটা হিসেবে এবার দেশজুড়ে পাল্টা কর্মসূচিতে নামল বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে দেশের একাধিক শহরে মিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির। সেই কর্মসূচির অংশ হিসেবেই সোমবার কলকাতার রাজপথে মিছিল করল বিজেপি।

কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে বিজেপির মিছিল। সেখান থেকে মিছিল যাওয়ার কথা ধর্মতলা পর্যন্ত। কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁর সঙ্গে মিছিলের অগ্রভাগে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিন নেতার হাতেই ছিল জাতীয় পতাকা। একই কর্মসূচির অংশ হিসেবে এদিন হায়দরাবাদে তেরঙ্গা হাতে মিছিলে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন নীতীন নবীন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ বিজেপির একাধিক নেতা। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি কলেজ স্ট্রিটের দিকে রওনা দেন। সেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। নীতীন নবীন কলেজ স্ট্রিটে পৌঁছনোর পর তেরঙ্গা হাতে শুরু হয় মিছিল। তাঁর পাশেই ছিলেন শুভেন্দু ও শমীক।

বিজেপির বক্তব্য, বিরোধীদের ‘মিথ্যাচার’ এবং ‘অরাজকতা’র বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কলকাতাতেও এই মিছিলের আয়োজন।

অন্যদিকে, হায়দরাবাদে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অমিত শাহ। রবিবার দিল্লিতে ‘ইন্ডি’ জোটের কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, সেটি ‘ভোট বাঁচাও’ কর্মসূচি ছিল না, বরং ‘অনুপ্রবেশকারী বাঁচাও’ র‍্যালি ছিল। ওই সভা থেকেই কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, এসআইআরের মাধ্যমে তিন কোটি ভুয়ো ভোটারের নাম বাদ পড়ায় রাহুলদের ক্ষোভ তৈরি হয়েছে।

সোমবার দুপুর থেকেই কলকাতার কলেজ স্ট্রিটে বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হয়। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র দেবজিৎ সরকারও। তাঁর বক্তব্য, বিরোধীদের অরাজকতার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই এই যাত্রা। মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ সত্যের পক্ষেই রয়েছে বলেও দাবি করেন তিনি।

মিছিল শুরুর আগে বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের অভিযোগ, গণতন্ত্রকে দুর্বল করতে বিদেশি শক্তির কাছ থেকে অর্থ দেওয়া হচ্ছে। যদিও কলকাতায় বিজেপির এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা। তাঁর বক্তব্য, বিরোধীদের বিক্ষোভের কোনও প্রভাবই রাজ্যে পড়েনি। মাত্র ছয় মাস আগে নতুন সরকার গঠিত হয়েছে, তাহলে এই পরিস্থিতিতে কলকাতায় কেন মিছিল করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

কলকাতায় আসার আগে বিহারের ভাগলপুরে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নীতীন নবীন। সেখান থেকেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের নিশানা করেন তিনি। নীতীনের বক্তব্য, বিরোধীদের মূল লক্ষ্য ক্ষমতা দখল করা। বিজেপির কাছে সংবিধানই সর্বোচ্চ এবং গণতন্ত্র রক্ষা করাই দলের প্রধান উদ্দেশ্য।

এসআইআর প্রসঙ্গেও বিরোধীদের আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর দাবি, এসআইআরের পর তামিলনাড়ু ও কেরলে নির্বাচন হয়েছে এবং সেখানে বিরোধীরাই জয় পেয়েছে। সেই সময় এসআইআর নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি বলেও দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.