জেলা

নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক

তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দলেরই একাংশ কর্মীর বিরুদ্ধে তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ তুললেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। তাঁর দাবি, তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ার কারণেই দলের একাংশের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
বিধায়কের অভিযোগ, দলের কর্মীদের বিরুদ্ধে বারবার মামলা ও পুলিশের পদক্ষেপের বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকী, তাঁকে লক্ষ্য করে ‘আমরা এমএলএ-কে মানি না’ বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি শুভাশিসের।
অন্যদিকে, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, তোলাবাজি সংক্রান্ত কোনও নির্দিষ্ট অভিযোগ তাঁর কাছে জমা পড়েনি। তবে ঘটনার কথা শুনেছেন বলে স্বীকার করেন তিনি। তাঁর বক্তব্য, দলের অভ্যন্তরীণ সমস্যা প্রকাশ্যে না এনে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত ছিল।
প্রসঙ্গত, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা আগেই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, দলের সর্বত্র তোলাবাজি বন্ধ করা এখনও সম্ভব হয়নি। ফলে ডেবরার এই ঘটনা ঘিরে নতুন করে অস্বস্তিতে গেরুয়া শিবির। এবার দলের অন্দরের এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.