শিক্ষক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন উত্তর প্রদেশের এমন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর জন্য বড় খবর। ২০২৭ সালের ফেব্রুয়ারিতেই হতে পারে উত্তর প্রদেশ শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা ইউপি টেট (UP TET)। পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময়সূচি ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টে জমা দিয়েছে উত্তর প্রদেশ শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশন (UPESSC)। পাশাপাশি, ভবিষ্যতে বছরে দু’বার টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও সামনে এসেছে।
আদালতে পেশ করা প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়েছে কমিশন। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে মে মাসের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে। তবে পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ জানতে কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকেই তাকিয়ে থাকতে হবে প্রার্থীদের।
এই পরীক্ষার গুরুত্ব আরও বেড়েছে উত্তর প্রদেশের চলতি টিজিটি (TGT) নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এখনও টেট উত্তীর্ণ না হওয়া প্রার্থীরাও টিজিটি নিয়োগ ২০২৬-এ আবেদন করতে এবং পরীক্ষায় বসতে পারবেন। তবে তাঁদের ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে টেট পাস করে শংসাপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ফলে ফেব্রুয়ারিতে সম্ভাব্য ইউপি টেট পরীক্ষা ওই প্রার্থীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এদিকে, শুধু ২০২৭ সালের পরীক্ষাই নয়, ভবিষ্যতে পরীক্ষার ক্যালেন্ডারেও বদল আনার ভাবনা রয়েছে কমিশনের। পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে দু’বার করে টেট নেওয়া হতে পারে। ২০১১ সালের পর থেকে উত্তর প্রদেশে নিয়মিত বছরে দু’বার টেট আয়োজনের নজির না থাকায় এই প্রস্তাব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহল।
তবে বছরে দু’বার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা এবং ২০২৭ সালের সম্ভাব্য সূচি—দু’টিই আপাতত প্রস্তাবের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের সরকারি ঘোষণার দিকেই নজর রাখতে হবে।







