রাজ্য

পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী

জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল বাংলার পুণ্যার্থীদের বাস। শুক্রবার ভোরে ওড়িশার জাজপুর জেলার বড়চানার কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় ৫৫ জন যাত্রীকে নিয়ে ‘পদ্মাবতী’ নামে বাসটি পুরীর উদ্দেশে যাচ্ছিল। শুক্রবার ভোরে বড়চনা ওভারব্রিজের কাছে পৌঁছনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আচমকা ধাক্কায় বাসের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। পরে বড়চনা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে ১৬ জনের চিকিৎসা শুরু হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কটকের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওভারব্রিজের উপর ট্রাকটির একটি টায়ার পাংচার হয়ে যাওয়ায় সেটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনায় বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচলও ব্যাহত হয়।

পরে বাসের বাকি যাত্রীদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করে দেয় পুলিশ। তাঁরা ফের পুরীর উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.