কলকাতা

নিউটাউনে ওয়াচ টাওয়ারের ভিতর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু! পাম্প চালাতে গিয়েই বিপত্তি, উঠছে একাধিক প্রশ্ন

সাতসকালে নিউটাউনের ব্যস্ত এলাকায় এক নিরাপত্তারক্ষীর মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। নিউটাউন সেন্ট্রাল মলের সামনের একটি ওয়াচ টাওয়ার থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ। প্রাথমিক অভিযোগ, জল তোলার পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই নিরাপত্তারক্ষীর। মৃতের নাম সুলগ্ন দে। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউন সেন্ট্রাল মলের সামনের ওয়াচ টাওয়ারে রাতের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুলগ্ন। স্থানীয়দের দাবি, রাতের ডিউটি শেষ হওয়ার পর শুক্রবার সকালে বাথরুমে যাওয়ার সময় তিনি বুঝতে পারেন, সেখানে জল নেই। এরপর জল সরবরাহ স্বাভাবিক করতে পাম্প চালানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, সেই সময় পাম্পের কাছে থাকা খোলা বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন সুলগ্ন। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

সকালের শিফটে কাজে যোগ দিতে এসে অন্য এক নিরাপত্তারক্ষী তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই মৃত্যুর পরেই সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির অধীনস্থ বিজনেস ক্লাব এবং ওয়াচ টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে খোলা অবস্থায় বিদ্যুতের তার পড়ে ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তারক্ষীদের কর্মস্থলে বৈদ্যুতিক সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা, নাকি সংশ্লিষ্ট পরিকাঠামোর রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ এবং দায় কার, তা স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.