কলকাতা

কলকাতা মেডিক্যালে রাতভর তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর, তদন্তে বিশেষ কমিটি গঠন

আট ইন্টার্নের বিরুদ্ধে জারি করা শো-কজ নোটিস প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে বুধবার রাতে নজিরবিহীন উত্তেজনা, অশান্তি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার এই ঘটনায় কড়া অবস্থান নিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সরাসরি ‘অতিবাম ও মানসিক মাওবাদী’ বলে আক্রমণ শানালেন অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে। তাঁর দাবি, বুধবার রাতে অধ্যক্ষের দফতরে ঢুকে মাত্র ১০-১৫ জন ছাত্র যে বিশৃঙ্খলা তৈরি করেছেন এবং দুই অধ্যাপককে শারীরিকভাবে হেনস্থা করেছেন, তাতে গোটা চিকিৎসক সমাজের সম্মানহানি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। অন্যদিকে, বুধবারের হামলা ও বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে পাল্টা জমায়েত ও মিছিলের কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা।

বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি (মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন।

বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার রাতের ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, একটি শো-কজ নোটিসকে কেন্দ্র করে ১০-১৫ জন ছাত্র অধ্যক্ষের অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছেন। তাঁদের মানসিকতা অতিবাম ও মাওবাদী আদর্শে প্রভাবিত বলেও অভিযোগ করেন তিনি। শারদ্বতের কথায়, “গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের কাছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। চিকিৎসকদের উদ্দেশে অশ্রাব্য ভাষা প্রয়োগ করা হয়েছে। যাঁদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাঁরা ডিগ্রি অর্জন করেছেন, সেই শিক্ষকদেরই হুমকি দেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসক সমাজের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।”

অধ্যাপকদের শারীরিকভাবে আক্রমণের অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই অধ্যাপককে মারধর করার প্রমাণ এবং সংশ্লিষ্ট নথি স্বাস্থ্য দফতরের হাতে রয়েছে। তাঁর দাবি, পড়ুয়াদের একাংশের ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা শিক্ষকদের গায়েও হাত তুলছেন। তিনি প্রশ্ন তোলেন, মেডিক্যাল কলেজে যেখানে প্রায় ১২৫০ জন পড়ুয়া রয়েছেন, সেখানে বুধবার রাতে এত কম সংখ্যক ছাত্র কেন উপস্থিত ছিলেন? তাঁর অভিযোগ, ওই ১০-১৫ জন পড়ুয়া অতিবাম ও নকশালপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রীর আরও অভিযোগ, কয়েকজন বামপন্থী চিকিৎসক পড়ুয়াদের ভবিষ্যৎ বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। কিছু সিনিয়র চিকিৎসক সরাসরি সামনে না এসে আড়াল থেকে এই ধরনের কার্যকলাপে মদত জোগাচ্ছেন বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বুধবার রাতে গোলমালে যুক্ত ১০-১৫ জনের পরিচয় প্রশাসনের জানা রয়েছে। এঁদের বিরুদ্ধে আগেও ডিউটি বিক্রি ও ডিউটি সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল। এই বিষয়ে গঠিত তদন্ত কমিটির সঙ্গে শুক্রবার আনুষ্ঠানিক বৈঠক হবে বলেও জানান তিনি।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানের জন্য স্বাস্থ্য দফতর একটি এনকোয়ারি কমিটি তৈরি করেছে। ওই কমিটিতে রয়েছেন দিবাকর হালদার, সুমন্ত হালদার এবং দীপঙ্কর রায়। পাশাপাশি হাসপাতাল ও কলেজের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি দেখবেন কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)।

এদিন কড়া বার্তা দিয়ে শারদ্বত বলেন, আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করবে সরকার। তাঁর কথায়, একবার ভুল হলে তা ক্ষমা করা যেতে পারে, কিন্তু বারবার একই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

হাসপাতালে বহিরাগতদের প্রবেশ নিয়ে প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্রতিদিন বহু মানুষ আসা-যাওয়া করেন। ফলে বাইরে থেকে আসা প্রত্যেককে আলাদা করে চিহ্নিত করা সহজ নয়। তবে মেডিক্যাল কলেজ বা কোনও রোগীর সঙ্গে সম্পর্ক নেই, এমন কেউ যদি ভিতরে ঢুকে অশান্তি সৃষ্টি করে থাকেন, তা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে আয়োজিত বৈঠকে মেডিক্যাল কলেজের এমএসভিপি উপস্থিত থাকলেও অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে দেখা যায়নি। এমএসভিপি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে অধ্যক্ষ বর্তমানে ছুটিতে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ডিন অরূপ চক্রবর্তী আপাতত অধ্যক্ষের দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পুলিশি নিরাপত্তায় হাসপাতাল ছাড়ার আগে একটি সাদা কাগজে লিখিত অভিযোগ জমা দেন অধ্যক্ষ ইন্দ্রনীল। অভিযোগপত্রে তাঁর দাবি, ঘেরাও কর্মসূচি চলাকালীন একদল বহিরাগত কলেজ ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অধ্যক্ষের হঠাৎ ছুটিতে চলে যাওয়া নিয়ে প্রশাসনিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বুধবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।

এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারও প্রতিক্রিয়া জানিয়েছেন। গোটা ঘটনার দায় পূর্ববর্তী সরকারের উপর চাপিয়ে তাঁর বক্তব্য, তদন্ত চলছে এবং তার ফলাফল সামনে এলেই সবকিছু স্পষ্ট হবে। গণতন্ত্রে সাধারণ মানুষের মতামতই শেষ কথা বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, আগের সরকারের আমলের বিভিন্ন সমস্যার ফল বর্তমান সরকারকে সামলাতে হচ্ছে। প্রয়োজন হলে হাসপাতালের সুপারের আবেদনের ভিত্তিতে পুলিশও হস্তক্ষেপ করবে।

অন্যদিকে, বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টোয় কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে জমায়েতের ডাক দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কোনও নির্দিষ্ট সংগঠনের ব্যানার ছাড়াই এই কর্মসূচিতে সমস্ত সংগঠন ও সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জমায়েতের পর কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। এই প্রতিবাদ কর্মসূচির পাশে দাঁড়িয়েছে ‘অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স’, ‘মেডিক্যাল সার্ভিস সেন্টার’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’-এর মতো একাধিক চিকিৎসক সংগঠন।

উল্লেখ্য, চোরবাগান কাণ্ডে আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং হাসপাতালের জরুরি বিভাগে জীবনদায়ী ওষুধের ঘাটতি নিয়ে সরব হয়েছিলেন আট জন ইন্টার্ন। এরপরই তাঁদের শো-কজ নোটিস পাঠায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে ওই নোটিস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে আসেন অধ্যক্ষ। এর প্রতিবাদে শো-কজ প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে ‘মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিল’।

পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও চলাকালীন আচমকাই সেখানে প্রবেশ করেন এবিভিপির (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন সমর্থক এবং এনএমও (ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন)-এর সদস্যরা। এরপর দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, বাঁশ দিয়ে কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করা হয়। একইসঙ্গে করিডরের কাচও ভাঙচুর করা হয়। যদিও হামলা ও ভাঙচুরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি এবং এনএমও নেতৃত্ব। শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে পুলিশি নিরাপত্তার মধ্যেই হাসপাতাল চত্বর ছাড়েন অধ্যক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.