যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। উক্ত পদে বহাল থাকছেন অধ্যাপক বুদ্ধদেব সাউ। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালযয়ের গণিত বিভাগের অধ্যাপক। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন। পূর্বেও অধ্যাপক বুদ্ধদেব সাউকে ডেকে পাঠানো হয় রাজভবনে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় দায়িত্ব সামাল দিতে তিনি সক্ষম হবেন কিনা। তাছাড়া তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়েও বিস্তারিত জানতে চেয়েছিলেন আনন্দ বোস।
উল্লেখ্য, যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও এক। পুলিসকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে আরও এক প্রাক্তনী গ্রেফতার। নাম জয়দীপ ঘোষ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জয়দীপের বাড়ি বলেই সুত্রের খবর। ঘটনার দিন রাতে মেন হস্টেলের গেট বন্ধ রাখার পাশাপাশি পুলিসকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে আলাদা করে তদন্ত শুরু করে পুলিস।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্যদের সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন রাজ্যপাল। সংশ্লিষ্ট বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনজিৎ মণ্ডলকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। মনজিৎ অভিযোগ তোলেন, তিনি তৃণমূলপন্থী বলেই তাঁকে প্রবেশে বাধা দেওয়া হয়।







