নাম ভাঙিয়ে গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে আবার অন্যকে ভাড়া দেওয়া হচ্ছে। নিজে নিয়মিত ভাড়া তুলে নিলেও গাড়ির মালিককে মাসের পর মাস ভাড়া মেটানো হচ্ছে না। এভাবেই একটি প্রতারণাচক্র উত্তরবঙ্গে কোটি টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে।
এই চক্রের কিংপিন হিসেবে উঠে আসছে কলকাতার বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায়ে নাম। তাঁর সচিত্র পরিচয়পত্রে লেখা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। পরিচয়পত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ছবিও দেওয়া রয়েছে। এই চক্রের সঙ্গে শিলিগুড়ির মাটিগাড়ার দু-তিনজন জড়িত রয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসতেই অভিযুক্ত সোমনাথ এক গাড়ি মালিককে ফোন করে আপাতত চুপচাপ থাকার জন্য বলেছেন। সিবিআই তদন্ত চলায় তিনি ফোন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলেও ফোনে এক গাড়ির মালিককে বলেছেন। আর তাতেই গাড়ি মালিক এবং চালকদের সন্দেহ আরও দানা বেঁধেছে।







