পুজোর দিনগুলোতে জনসংযোগ চালিয়ে যেতে এবার চালু হচ্ছে ‘অভিষেকের দূত’ কর্মসূচি। কেন্দ্রীয়ভাবে না হলেও কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে উক্ত কর্মসূচি নিয়েছেন রাজ্য শাসক দলের কয়েকজন বিধায়ক। দলীয় সূত্রে খবর, উৎসবের মধ্যেই এলাকার মানুষের প্রয়োজনে আলাদা ফোন নম্বর প্রকাশ করে সাহায্যের বার্তা দিতে তৎপর নেতা ও জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, পূর্বে পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্যজুড়ে চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি। এ বার লোকসভা ভোটের মুখে ‘অভিষেকের দূত’ কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞমহল৷
কেমন এই কর্মসূচি? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দুর্গাপুজোর সময় বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসবেন। সেখানে সাধারণ মানুষরা কোনও সমস্যায় পড়ে এলে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অভিষেকের দূতেরা। রাস্তা চিনতে না পারা, রাস্তা গুলিয়ে ফেলা, যানবাহন পেতে সাহায্য করা, এহেন বিভিন্ন ঝামেলায় পড়লে সাহায্যের হাত থাকছে এই দূতেদের।







