৭৭ বছরের ভিভি কৃষ্ণাপ্পা, গত ১৬ নভেম্বর উত্তর-পশ্চিম বেঙ্গালুরুর প্যালেস গুত্তাহাল্লি এলাকায় ওষুধ কিনতে দোকানে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। কিছু সময় বাদ পুলিশের তরফ থেকে ফোন আসে ছেলের কাছে তার বাবার পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে।
বাবার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি ছেলে। বাবার মৃত্যুর সঠিক কারণ জানতে দোকানের সিসি টিভি ফুটেজ দেখেন। যা দেখে চক্ষু চড়ক গাছ। বাবার মৃত্যু পথ দুর্ঘটনায় নয় বরঞ্চ তাকে খুন করা হয়।
সিসি টিভি ফুটেজে দেখা যায় ভিভি কৃষ্ণাপ্পা দুর্ঘটনার দিন ওষুধ কিনে ফেরার সময় পার্কিং এলাকায় এসে দেখেন, এক যুবক বাইকে চেপে তাঁর বাইকে ধাক্কা মারছে। এতেই রেগে উঠে কৃষ্ণাপ্পা আর সেই নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথার মাঝেই ওই যুবক রাস্তায় পড়ে থাকে একটি ইট তুলে নিয়ে সপাটে মারে বৃদ্ধের মাথায়।
ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ভিভি কৃষ্ণাপ্পা। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম সরফরাজ খান। বাইক-চোর হিসাবেই পরিচিত সে এলাকায়। তার বিরুদ্ধে বাইক চুরি ও খুনের মামলা রুজু করেছে পুলিশ।







